এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৬: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের সব মেডিকেল অনলাইন ও অফলাইন কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১২ ডিসেম্বর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাওয়া এই ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন কিংবা অফলাইন—কোনো মাধ্যমেই কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না।
আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৬: ই-ইউনিটের প্রবেশপত্র প্রকাশ, আসন প্রতি লড়বে ৭১ জন
পরীক্ষা ১২ ডিসেম্বর, কঠোর নজরদারি
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) সারা দেশে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বছরই ভর্তি পরীক্ষার আগে প্রশ্নফাঁস রোধ এবং গুজব ছড়ানো বন্ধ করতে কোচিং সেন্টারগুলোর ওপর কড়াকড়ি আরোপ করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তদারকি কমিটিকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আসন সংখ্যায় বড় পরিবর্তন: কমল ৫ শতাধিক সিট
এদিকে ভর্তি পরীক্ষার ঠিক আগমুহূর্তে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যায় বড় ধরনের পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নতুন সমন্বয়ের ফলে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৭২টি আসন কমেছে।
অধিদপ্তরের তথ্যমতে, আগে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন ছিল ৫ হাজার ৩৮০টি। তবে নতুন পর্যালোচনায় ১৪টি সরকারি মেডিকেলে ৩৫৫টি আসন কমানো হয়েছে। বিপরীতে ৩টি মেডিকেলে ৭৫টি আসন বাড়ানো হয়েছে। সব মিলিয়ে সরকারি খাতে নিট ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টিতে।
বেসরকারি মেডিকেলেও আসন হ্রাস
শুধু সরকারি নয়, বেসরকারি মেডিকেল কলেজগুলোতেও আসনের লাগাম টানা হয়েছে। মান নিয়ন্ত্রণ এবং অবকাঠামোগত সক্ষমতা যাচাইয়ের পর দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ২৯২টি আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বেসরকারি মেডিকেলের মোট আসন সংখ্যা নেমে এসেছে ৬ হাজার ১টিতে।
সংশ্লিষ্টরা বলছেন, মেডিকেল শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক রাখতেই এই আসন সমন্বয় করা হয়েছে। তবে পরীক্ষার আগমুহূর্তে আসন কমে যাওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ লক্ষ্য করা গেছে। প্রতিযোগিতা এবার আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: প্রাথমিক উপবৃত্তি: টাকা আসবে বিকাশ-রকেটেও, চেক করার নিয়ম (A-Z গাইড)


